গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাতিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে। তাছাড়া এ ঘটনায় দাদা আব্দুল করিম ভেটু (৭০) আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ঘাতক শাকিল আহম্মেদকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে শাকিল, তার বাবা রফিকুল ইসলাম ও দাদা আব্দুল করিম ভেটু বাড়ির পাশের একটি জমিতে পাট কাটছিলেন। এ সময় ফিরোজা বেগম সেখানে আসেন। ওই ফসলের মাঠে শাকিলের সঙ্গে দাদি ফিরোজা বেগমের পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তর্ক শুরু হয়। একপর্যায়ে শাকিলের হাতে থাকা ধারালো পাট কাটার ধারালো বেকি দিয়ে ফিরোজা বেগমকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে যান আব্দুল করিম ভেটু। তখন তাকেও একই অস্ত্র দিয়ে কোপানো শুরু করে।
এসময় তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে শাকিল পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের দুইজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়া যাওয়ার পথে ফিরোজা বেগম মারা যান।
সাঘাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাকিলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।