জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না লিটন দাস। ওই সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে চোট কাটিয়ে লিটনের ফিরেছেন।
ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছেন তারকা ব্যাটার। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে। তার অনুপস্থিতিতেই নেতৃত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন হৃদয়।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলী। অস্ট্রেলিয়া সিরিজের দলে বাদ পড়া সাইফউদ্দিনও ডাক পেয়েছেন। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি।
তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।