সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. আজাদ (২৫) নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায়। হাসপাতাল পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।’