জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন

বুধবার (১ জুলাই), ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের শুরু। মাসটির বর্ষপূর্তির এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। সেখানে তিনি বর্তমান সময়ের বহুল চর্চিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

শাওন তার পোস্টে জানান, গত এক বছর ধরে ফেসবুকে ‘#জুলাইCDI’ শব্দটি তার নজরে আসছে। তিনি লক্ষ্য করেছেন, শুধু জুলাই মাসেই নয়, বছরজুড়েই পরিচিত-অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন।

শাওন লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI!! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”

শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।”

পোস্টের শেষে শাওন লেখেন, “আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”

অভিনেত্রীর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।