চট্টগ্রামে নতুন একটি থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হবে। এছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠিত হবে। নতুন তিন উপজেলা নিয়ে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে ৪৯৮টি। আর থানার সংখ্যা দাঁড়াচ্ছে ৬৪০টিতে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব থানা ও উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। এছাড়া, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পটি তিন জেলার প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে পুরো প্রকল্পকে ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যা নিকার সভায় অনুমোদন পেয়েছে।
এদিকে একই দিন পূর্বাচল নতুন শহর প্রকল্পে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকালে সেক্টর-১ এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রাজউকের সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প চালুর মাধ্যমে পূর্বাচলে ডিএমপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, পূর্বাচল এলাকায় ডিএমপির অধীনে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস এবং তিনটি উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজও চলমান রয়েছে।
প্রসঙ্গত যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার একটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন যথা—১. ১০ নম্বর উত্তর মাদার্শা, ২. ১২ নম্বর চিকনদণ্ডী, ৩. ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা, ৪. ১৪ নম্বর শিকারপুর ও ৫. ১৫ নম্বর বুড়িশ্চরের সমন্বয়ে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন, যথা—১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভূজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিলের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। কুমিল্লা জেলায় মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্য থেকে ১০টি ইউনিয়ন যথা—১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব), ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর), ১০. টনকীর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য থেকে আটটি ইউনিয়ন, যথা—১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাবের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।