আরব সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় চার সদস্যের ক্রু দলের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটিতে শত্রুপক্ষের কোনো হামলার আলামত পাওয়া যায়নি। বুধবার (১ জুলাই) নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ন্যাভসেন্ট জানায়, ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে। ঘটনার পর তিন ক্রু সদস্যকে উদ্ধার করে রণতরীতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন।
নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ওই এলাকায় নৌবাহিনীর একাধিক ইউনিট তল্লাশি অভিযান চালাচ্ছে। হেলিকপ্টারটি কেন জরুরি অবতরণ করল তা জানতে পুরোদমে তদন্ত চলছে বলেও জানিয়েছে ন্যাভসেন্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি