পঞ্চগড় থেকে মোটরসাইকেলে বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা-মাও।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুশি রানীর বাড়ি বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে। তিনি ওই গ্রামের কুকিল চন্দ্র ও সুরমা রানী দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খুশি রানী বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় খুশি রানী ট্রাক্টরের চাকার নিচে পড়ে গেলে তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।