ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৪ ঘণ্টা আগে ওই ৬ তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন তিশা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। তবে আজ সকালের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই জানাতে পারেননি।
পরে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি বহুতল ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা সংক্রান্ত কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।