বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের পর অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে— এই সেবা ফি কি গ্রাহককে দিতে হবে, নাকি দোকানদার বহন করবেন?

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। একজন ক্রেতা যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন, তার ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ঠিক সেই পরিমাণ টাকাই কেটে নেওয়া হবে।

এমডিআর বা সেবা ফি সমন্বয় করা হবে মার্চেন্টের প্রাপ্য অর্থ থেকে। অর্থাৎ, লেনদেন সম্পন্ন হওয়ার পর দোকানদারের হিসাবে টাকা জমা হওয়ার আগে ভ্যাটসহ নির্ধারিত ১ শতাংশ ফি কেটে রাখা হবে।

একটি উদাহরণ—

কোনো ক্রেতা যদি বাংলা কিউআর স্ক্যান করে ১ হাজার টাকার পণ্য কেনেন, তাহলে তার অ্যাকাউন্ট থেকে কাটা হবে ১ হাজার টাকাই। তবে দোকানদারের হিসাবে জমা হবে প্রায় ৯৯০ টাকা। বাকি প্রায় ১০ টাকা (ভ্যাটসহ ১ শতাংশ এমডিআর) সেবা ফি হিসেবে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রহণ করবে।

অর্থাৎ, এই ব্যবস্থায় গ্রাহককে অতিরিক্ত কোনো চার্জ বহন করতে হবে না। এমডিআরের পুরো অর্থই দোকানদারের প্রাপ্য থেকে সমন্বয় করা হবে।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে অ্যাকোয়ারিং ব্যাংক বা পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রচারণা বা বিশেষ অফারের আওতায় এই ফি আংশিক বা সম্পূর্ণ নিজেরা বহন করতে পারবে। সে ক্ষেত্রে মার্চেন্টদেরও এমডিআর পরিশোধ করতে নাও হতে পারে।