সবজি, পেঁয়াজ ও ডিমে স্বস্তি, বেড়েছে রসুন, কাঁচা মরিচের দাম

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ডিম, সবজি ও পেঁয়াজের দাম কমেছে। অন্যদিকে দেশি রসুন ও কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

গতকাল বৃহষ্পতিবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও তুরাগ এলাকার নতুন বাজার ঘুরে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে এখন সবজির সরবরাহ ভালো। ফলে সব ধরনের সবজির দামই আগের তুলনায় কমেছে। আর সবজির দাম কমায় ডিমের উপর চাপ কমেছে। এতে ডিমের দামও কম। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে।

গতকাল বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। সবজির মধ্যে বেগুনের দামটা তুলনামূলক বেশি। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকার মধ্যে। এছাড়া, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, টম্যাটো ১৪০ থেকে ১৬০ টাকা,  কাঁচামরিচ কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমেছে পেঁয়াজের। দেশি পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদার সর্বনিম্ন দাম কেজিতে ১৪০ টাকা থেকে কমে ১৩০ টাকায় এসেছে, যদিও সর্বোচ্চ দাম ১৬০ টাকাই রয়েছে। আমদানিকৃত রসুনের সর্বোচ্চ দাম কেজিতে ২২০ টাকা থেকে কমে ২০০ টাকায় নেমেছে। অন্যদিকে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। দেশি রসুনের সর্বনিম্ন দাম কেজিতে ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় উঠেছে, যদিও সর্বোচ্চ দাম ১৪০ টাকাই রয়েছে।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও পণ্যগুলোর দামের এই তথ্য তুলে ধরেছে। টিসিবির মাসিক তুলনামূলক তথ্যেও কয়েকটি পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তনের চিত্র পাওয়া গেছে।

দেশি রসুনের মাসিক মূল্যবৃদ্ধির হার ১৫ শতাংশ। বিপরীতে দেশি পেঁয়াজের দাম প্রায় ১১.১১ শতাংশ, লেবুর দাম ২৫ শতাংশ এবং শসার দাম ২৫ শতাংশ কমেছে। বাজারঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কমেছে। ফার্মের বাদামি ও সাদা রংয়ের ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমেছে। বাজারে বাদামি রংয়ের ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকা ডজন বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ছিল ১২০ থেকে ১৩০ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি বাজারভেদে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি এখন ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা, খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা, রুই ২৮০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা , পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, টেংরা ৫৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ইলিশের দাম বেশ চড়া। ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা।