জুলাই গণঅভ্যুত্থানকে ‘ডিজাইন করা আন্দোলন’ বলিনি: নিলোফার মনি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে দেওয়া নিজের বক্তব্য ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্ক ও সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

তার এই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুক পোস্টে ‘ঘৃণা প্রকাশের’ পর নিলোফার মনি বৃহস্পতিবার (২ জুলাই) রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন। তিনি দাবি করেছেন, তার পুরো বক্তব্যটি ‘কাটছাঁট করে’ গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানকে কখনোই ‘ডিজাইন করা আন্দোলন’ বা ষড়যন্ত্র বলে মন্তব্য করেননি।

সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, তিনি নিজে জুলাই বিপ্লবের যোদ্ধাদের পক্ষের একজন মানুষ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময়ও প্রতিনিয়ত টক-শোতে কথা বলেছেন। টক-শোতে ‘ডিজাইন’ শব্দটি ব্যবহারের ব্যাখ্যায় তিনি জানান, আন্দোলনকারীদের দমনে পুলিশের কাছে কোনো স্নাইপার ছিল না, তবুও স্নাইপারের মতো মারণাস্ত্র ব্যবহার করে যেভাবে দেশের তরুণদের হত্যা করা হয়েছে—সেটির পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা খুনিদের নিজস্ব নকশা (ডিজাইন) ছিল। আন্দোলনকারীদের হত্যা করার জন্য করা সেই পৈশাচিক পরিকল্পনাকে বোঝাতেই তিনি মূলত এই শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু তার মূল বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এর আগে একটি টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি মন্তব্য করেছিলেন যে, এই গণঅভ্যুত্থানে প্রধান চালিকাশক্তি কারা ছিল তা কেউ সুনির্দিষ্টভাবে জানে না, কারণ অনেকেই আবেগে এবং অন্যায়ের প্রতিবাদে এতে শামিল হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা অনেকেই গুলি কোথা থেকে আসছে বা কীভাবে মানুষ মারা যাচ্ছে—তা বুঝে ওঠার আগেই স্নাইপারের বুলেটে প্রাণ হারিয়েছেন। সেই সময় উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন যে, জুলাই-আগস্ট আন্দোলন কি কোনো ডিজাইন বা ষড়যন্ত্র ছিল কি না; যার জবাবে নিলোফার মনি বলেন, ডিজাইন অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কি না তা তার জানা নেই। আন্দোলনের অনেক কিছুই স্টাডি করার পরও কিছু প্রশ্নের উত্তর তার নিজের কাছেও স্পষ্ট নয় বলে তিনি উল্লেখ করেছিলেন।

নিলোফার মনির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র ব্যাপক সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি নিলোফার মনিকে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সারথি হিসেবে সম্মান জানিয়েও লেখেন, টেলিভিশন টক-শোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া অযাচিত বক্তব্যে ছাত্রদল অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং তার এই বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। একই সাথে জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আগামীতে নিলোফার চৌধুরী মনিকে গণঅভ্যুত্থান নিয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখার আহ্বান জানান ছাত্রদল সভাপতি।