প্রথমবারের মতো আলী খামেনির কফিন প্রকাশ্যে আনল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করেছে ইরান। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির কফিনের ওপর ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশজুড়ে তার স্মরণে শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, খামেনির কফিনে মোড়ানো লাল পতাকাটি শিয়া ইসলামে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে। এটি মহানবী হজরত মুহাম্মদের (সা.) নাতি ইমাম হুসাইন ইবনে আলির আত্মত্যাগের প্রতীক, যিনি সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে নিহত হন এবং শিয়া মুসলমানদের কাছে সর্বাধিক শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের একজন।