আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ. ন. ম. শফিকুল হক আর নেই। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, আ. ন. ম. শফিকুল হক দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াতের মরদেহ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখান থেকে বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে প্রথম জানাজা এবং ওনার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
আরও পড়ুন: গুলশানে ছাদে এডিস মশার লার্ভা, বাড়ির মালিককে জরিমানা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক শোক বার্তায় বলেন, শফিকুল হকের শূন্যতা কোনদিন পূরণ হবার নয়। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে কাজ করে গেছেন।
ইত্তেফাক/জেডএইচডি