জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে দুটি সরকারি আশ্রয়ণ প্রকল্প, একটি মসজিদ, মক্তব, গোরস্থান, কলাবাগান, সবজিক্ষেত, ফসলি জমিসহ অর্ধশতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সোহরাব আলী (৫০) ও সোনাহার আলী (৪০) জানান, গত এক সপ্তাহ ধরে নদীভাঙন অব্যাহত থাকায় বসতভিটা ও কৃষিজমির ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে।
সোহাগী বেগম (৫৫) বলেন, বৃষ্টি হলে, বিশেষ করে রাতের বেলায় নদীভাঙন আরও তীব্র হয়। ভাঙনের আতঙ্কে তিনি বর্তমানে অন্যত্র অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, দুই থেকে তিন বছর আগে জিও ব্যাগ ফেলে আশ্রয়ণ প্রকল্পটি রক্ষা করা হয়েছিল। তবে এবার ভাঙন শুরু হলেও তা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোকসেদ আলী এবং প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম বলেন, নদীভাঙন প্রতিরোধে তাদের কোনো বরাদ্দ নেই। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আরা বলেন, নদীভাঙন প্রতিরোধের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।