মিউজিক ডিভাইসকে বোমা ভেবে আতঙ্ক, ছুটে এলো বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজশাহীতে স্কুটিতে লাগিয়ে দেওয়া একটি ডিভাইস নিয়ে হুলস্থূল কাণ্ড ঘটেছে। স্কুটির মালিক এই ডিভাইসটিকে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আরডিএ মার্কেট এলাকায়। পরে খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে ডিভাইসটি আসলে মোটরসাইকেলের একটি মিউজিক ডিভাইস।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলায় সাত নম্বর গলিতে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, আতঙ্ক ছড়াতে এক যুবক ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন। জনমনে আতঙ্ক ছড়ানোর কারণে তাকে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক ওই স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক সেটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে আসেন। 

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্কুটিতে লাগিয়ে দেওয়া ডিভাইসটি আসলে মিউজিক ডিভাইস। এটি মোটরসাইকেলেই ব্যবহার করা হয়। আতঙ্ক ছড়াতে এটি এক যুবক ওই স্কুটিতে লাগিয়ে দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে দেখে এটি মিউজিক ডিভাইস। পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ফিরে আসে।

তিনি জানান, জনমনে আতঙ্ক ছড়ানো একটি অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।