সরকারি বরাদ্দের সাইকেল জালিয়াতি করে নিজের নাতনিকে দেওয়ার ঘটনায় শেষ রক্ষা হলো না ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নবনির্বাচিত আমির আজিজুর রহমান এর আগে সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল গণমাধ্যমকে এই অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুযায়ী তাজুল ইসলামের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের আদর্শ, শৃঙ্খলা এবং নৈতিকতার প্রশ্নে জামায়াত কোনো ধরনের বিচ্যুতি বরদাশত করে না—এমন বার্তাই দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা করা হয়েছিল।
অভিযোগ ওঠে, কোটচাঁদপুরের তৎকালীন আমির তাজুল ইসলাম বিতরণের তালিকায় নিজের পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম জালিয়াতি করে লিখে দেন। পরে সেই নামের বিপরীতে বরাদ্দকৃত সাইকেলটি তিনি নিজের নাতনির হাতে তুলে দেন।
বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এই চাপের মুখে গত বুধবার (১ জুলাই) তাজুল ইসলাম সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দিতে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে তাকে পদ হারাতে হলো।