২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (৪ জুলাই) মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় শুরু হবে ম্যাচটি। তবে আবহাওয়ার কারণে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক রয়েছে আয়োজকরা।
স্থানীয় সময় সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সকালে মায়ামির আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝে মাঝে রোদ দেখা গেলেও সার্বিকভাবে আবহাওয়া ছিল গুমোট।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বিকালের দিকে আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো বজ্রপাত।
মার্কিন নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত রাখতে হবে। এ সময় শুধু খেলোয়াড়দেরই নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।