ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে ‘ভারতীয় নারীর’ মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত নারী ভারতীয় নাগরিক।

স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা ঢলের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি দুধকুমার নদের চরে আটকে গিয়েছিল।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল। 

ওসি আজিম উদ্দিন জানান, মরদেহটি পঁচেগলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি ভারতীয় নাগরিকের। স্থানীয়ভাবে এরকম কোনো মিসিং কেস করা হয়নি।

তিনি আরও জানান, বিজিবির মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হলেও সম্ভবত ঝামেলার কারণে বিএসএফ মরদেহ নিতে চায়নি। আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতপরিচয় মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

০৪/০৭/২৬