সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে বললেন প্রতিমন্ত্রী

দেশ গড়তে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কাজ ঠিক মতো পালন করার জন্য যে সহযোগিতা দরকার, সেটা বিএনপির ছেলেপেলেরা করবে।’

শনিবার (৪ জুলাই) জামালপুরের বকশীগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। বকশীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এরকম না যে, আওয়ামী লীগের মতো এসে বলবে ‘আমার এটা করে দিতে হবে, না দিলে চলবে না’। আপনার (সরকারি কর্মকর্তা) কাজটা করতে গেলে যে সহযোগিতা প্রয়োজন, যাতে আপনার কাজটা স্মুথ করতে যেটা প্রয়োজন সেটা তারা (বিএনপি নেতাকর্মী) করবে। এর ব্যতয় ঘটলে তখন আমি সরকার হিসেবে কঠিন ব্যবস্তা নেব। সেজন্য সকল নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান দেশ গড়ার কাজে যদি আমরা লাগতে চাই, দেশকে কিছু দিতে চাই তাহলে কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ-রাজনীতিকর্মী সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ তাদের সঙ্গে মেল বন্ধনটা যদি ভালো না হয় তা হলে সে দেশের উন্নয়ন ভালো হয় না। ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে হলে বেইজ লাইন ধরেই ঠিক করতে হবে। আমরা সবাই এই দেশের মালিক। মালিক পক্ষ থেকে আমাদের সজাগ থাকতে হবে। আগামীতে ২ লাখ ৬০ হাজার সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে শূন্যপদ পূরণের জন্য। বিগত সরকারের আমলে নীতি ছিলো আমি সব খাবো। তাই শূন্য পদ পূরনে গুরুত্ব দেয় নাই। তারা দেশের উন্নয়নের চেষ্টা করে নাই। তারা নিজেদের উন্নয়নে তৎপর ছিলো।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা, থানার ওসি মকবুল হোসেন, বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

এই সভায় সরকারি কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভার আগে তিনি বকশীগঞ্জ হাসপাতাল পরিদর্শন এবং পরে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করেন।