গোপালগঞ্জের মুকসুদপুরে রাকিব শেখ নামে এক ভুয়া পুলিশকে আটকের পর পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। আটক রাকিব উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্টা গ্রামের মৃত হাই শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামের একটি বাড়িতে পুলিশের কোট (বিশেষ পোশাক) পরে ঘরে ঢুকে হুমকি ও ভয়ভীতি দেখায় রাকিব। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তার সঙ্গে খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে পুলিশ সদস্যরা গিয়ে তাকে আটক করে।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামের গগন বালার বাড়ি থেকে রাকিব নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের কোট এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।