বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মোকাবিলা করবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগে বড় দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না মিডফিল্ডার লুকাস পাকেতা। বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে মাঠে থাকা অবস্থায় চোট পেয়েছিলেন পাকেতা। যার ফলে ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল, নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটই তাকে শেষ ষোলোর লড়াই থেকে দূরে সরিয়ে দিয়েছে।
এখন পর্যন্ত ব্রাজিলের প্রতিটি বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাকেতা। তাই তার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য নিয়ে এখন নতুন করে ভাবতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে।
ব্রাজিল ও নরওয়ের মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচটি রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নেইমার জুনিয়রকে পুরো ৯০ মিনিট পাওয়ার সুখবর পেলেও, পাকেতার অভাব সেলেসাওদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।