উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযান চলাচলের নিরাপত্তার স্বার্থে দেশের সব অভ্যন্তরীণ নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে বা থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, লঘুচাপের প্রভাবে সারা সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ড. মল্লিক বলেন, মেঘের পরিমাণ ও বৃষ্টিপাত বাড়ার কারণে এক দিন পর থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর সোমবারের মধ্যে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।