‘যা–ই ঘটুক’ ওয়াশিংটনে আজ ভাষণ দেব: ডোনাল্ড ট্রাম্প 

বৈরী আবহাওয়া ও বজ্রঝড়ের আশঙ্কায় অনুষ্ঠানস্থল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘যা–ই ঘটুক’ স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে নির্ধারিত ভাষণ তিনি দেবেন। 

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (স্থানীয় সময়) ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে সম্ভাব্য বজ্রঝড়ের আশঙ্কায় ভাষণের কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার স্বার্থে উপস্থিত জনতাকে অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠান ‘ফ্রিডম ২৫০ অর্গানাইজেশন’ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রোববার সকাল) ট্রাম্প তার বহুল আলোচিত ভাষণ দেবেন। ভাষণের পর রয়েছে বর্ণাঢ্য আতশবাজির আয়োজন।

সমর্থকদের সরিয়ে নেওয়ার নির্দেশে অনুষ্ঠানস্থলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে দ্রুত বের হওয়ার পথে ছুটে যান, আবার কেউ কেউ স্থান ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় ‘ট্রাম্প, ট্রাম্প’ স্লোগানও দিতে দেখা যায় উপস্থিত সমর্থকদের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হয়। পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আলো ফেলে জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। একটি নিরাপত্তাযান ব্যবহার করেও উপস্থিত লোকজনকে বের হওয়ার পথে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সামরিক বিমান মহড়া, ট্রাম্পের ভাষণ এবং প্রায় ৪০ মিনিটের আতশবাজির আয়োজন রাখা হয়েছে। আয়োজকেরা এটিকে স্বাধীনতা দিবসের ইতিহাসের অন্যতম বড় আয়োজন হিসেবে তুলে ধরেছেন।

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও ওয়াশিংটনে মানুষের উপস্থিতি ছিল অবিশ্বাস্য। শনিবার শহরের তাপমাত্রা প্রায় ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছায়।

অনুষ্ঠানে অংশ নিতে আসা ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা র‍্যান্ডি কোল বলেন, দেশের স্বাধীনতার জন্য মানুষের যে আত্মত্যাগ, তার তুলনায় এই গরম সহ্য করা খুবই সামান্য বিষয়।

সূত্র: এএফপি