৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ৩৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৭৩ হাজার ৫০০ টাকায়। রোববার (৫ জুলাই) ভোরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির এ কাতল মাছটি ধরা পড়ে। এরপর বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের হালিমের আড়তে এনে দেখেন মাছটির ওজন ৩৫ কেজি। বিশাল মাছ একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে উন্মুক্ত নিলামে ৩৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৭০ হাজার টাকায় কিনেছেন। এরপর দেশের বিভিন্নস্থানে মোবাইলে যোগাযোগ করে খুলনায় এক জার্মান প্রবাসীর কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। একইসঙ্গে ওই প্রবাসীর কাছে এক কেজি ৮শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ কেজি ৪ হাজার ১০০ টাকায় কিনে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ৭৪০ টাকায় বিক্রি করেছেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে মাঝে-মধ্যে বড় আকারের কাতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ে। নদীতে মাছের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বড় মাছের দেখা মিলছে। 

এতে জেলেরা যেমন ভালো দাম পাচ্ছেন, তেমনি পদ্মার মাছের সুনামও বজায় থাকছে বলে উল্লেখ করেন জেলা মৎস্য কর্মকর্তা।