জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের দিবসটি পালন করা হচ্ছে।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়। এ সময় ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতি এবং পল্লী উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের অবদানকে স্বীকৃতি প্রদান এবং জনসাধারণের মধ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।