হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে নদী ও সাগর খুব উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হাতিয়া উপকূলীয় অঞ্চল এর আওতায় থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

রোববার (৫ জুলাই ) সকাল থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‌উপকূলীয় নদী বন্দর বিষয়ক সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট হতে-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। 

ফলে হাতিয়ার সঙ্গে সারাদেশে চলাচল কারী লঞ্চ, স্টিমারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ সকল যাত্রীদের কেউ হাতিয়া থেকে বের হতে পারছেন না। আবার বাইরের যাত্রীরা ও হাতিয়ায় ঢুকতে পারছেন না।

এই দিকে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।