স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের সব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ না হলে সর্বস্তরের জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে না।
রোববার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, হাম রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এর বিস্তার রোধে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দাবি করেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। এ রোগ প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রায় দুই মাস আগ থেকেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।