নিম্নচাপের প্রভাবে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বিরূপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুপুরের পর থেকে ভোলা-ঢাকা রুটেও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে রাতে ঢাকা রুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভোলা-লক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটের যাত্রীরা ঘাটে এসে দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির আরও অবনতি হলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব নৌপথে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।