নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেপ্তার সাকিব উদ্দিন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।
ভুক্তভোগী ও অভিযুক্ত সাকিব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। গত ৪ জুন ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। ওইদিন সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। বিভিন্ন স্থানে ঘোরাঘুরির একপর্যায়ে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন এলাকায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ধর্ষণের পর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। সেখানে তরুণী অসুস্থ হয়ে পড়লে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরবর্তীতে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হলে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছিল। এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।