জামালপুরের মাদারগঞ্জের উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতির তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুজনকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করে মিজানুর রহমান আকন্দ রতন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরালের ঘটনায় তাদের দলীয় কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্চি সবুজ বালিজুড়ী পশ্চিম পাড়া লেবু মিয়ার ছেলে। সুলতানা আক্তার নিশু মোসলেমাবাদ এলাকার দারা মিয়ার স্ত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তারের মধ্যে ব্যক্তিগত কথোপকথন চলছে। ভিডিওতে তাদের ঘনিষ্ঠ আচরণও দেখা যায়।
অন্যদিকে ৪৭ সেকেন্ডের ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে তাদের জামালপুর শহরের ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে চলার সময় ঘনিষ্টভাবে বসে থাকার ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে অভিযুক্ত তামিম আহমেদ সবুজ ও মিশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে। ভিডিও ভাইরালের পর থেকে তারা নিরুদ্দেশ হয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
এতে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে তাদের বক্তব্য জানা যায়নি।
অন্যদিকে বিএনপি মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে আটকিয়ে রেখে শারীরিক সম্পর্ক ও টাকা এবং গহনা লুটপাটের অভিযোগে তার পদে স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
তবে অভিযুক্ত নিজাম দাবি করেন, বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, বিএনপিতে দুষ্ট ও চরিত্রহীনদের ঠাঁই নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।