বসনিয়ার বিপক্ষে শেষ ৩২–এর ম্যাচে ফাউলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সেরা খেলোয়াড় ফোলারিন বালোগান। এতে এক ম্যাচ নিষিদ্ধ হন এই মার্কিন তারকা। তবে সেই নিষেধাজ্ঞা করেছে ফিফা। তাই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে বাধা নেই বালোগানের। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। ফিফা জানিয়েছে, বালোগানের এই ম্যাচ নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে তিনি যদি একই ধরনের কোনো গুরুতর ফাউল বা নিয়মভঙ্গ না করেন, তবে এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।
ফিফার এই আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’
সাধারণত বিশ্বকাপে সরাসরি লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না। তবে ফিফার জুডিশিয়াল কমিটি তাদের নিয়মের একটি বিরল ফাঁক ফোকর ব্যবহার করে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সুবিধা ব্যবহার করে তার তিন ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচ স্থগিত করেছিল ফিফা। যার ফলে তিনি চলতি বিশ্বকাপে প্রথম থেকেই খেলতে পারছেন।