চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া হাজী জয়নাল কোম্পানির বাড়ি এলাকায় রোববার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় কয়েকজন মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসেন।
এসআই আসাদ জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডিকে জানানো হয়েছে। তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরোজা জানান, গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।