ট্রাম্পের হস্তক্ষেপে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত, বেলজিয়ামের আপিল

বসনিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে নাটকীয় এক সিদ্ধান্তে ফিফা তার নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে, যা মার্কিন শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে।

ফিফা এই নিষেধাজ্ঞা স্থগিত করেছে ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে। এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে।

তার মানে বালোগুনের বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই। নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্তটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পর।

ফিফার সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়ামের ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ‘বালোগুনকে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে খেলার যোগ্য ঘোষণা করার সিদ্ধান্তে আরবিএফএ স্তম্ভিত। অংশগ্রহণকারী সব দলের ন্যায্য অধিকার রক্ষা এবং আমাদের খেলায় ফেয়ার প্লের মৌলিক নীতিগুলো সংরক্ষণ করার লক্ষ্যে সম্ভাব্য সব বিকল্প’ খতিয়ে দেখছি।’

ফিফার এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ফিফা জুলাই মাসের ৫ তারিখে এপ্রিল ফুলের উদাহরণ তৈরি করেছে বলে ব্যঙ্গ করেছেন তিনি। গার্সিয়া বলেছেন, ‘আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর আজ এপ্রিল ফুল দিবস।’

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান ম্যাচের মাত্র এক দিন আগে বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারটি বিস্ময়কর। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্তটি আরও আগে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা মানসিকভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতাম।’

এদিকে, ফিফা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন ও বেলজিয়ান ফুটবল ফেডারেশন-উভয় পক্ষকেই সোমবার স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় দিয়েছে। তবে বেলজিয়ামের অভিযোগ, ফিফা যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে, তার আনুষ্ঠানিক নথি এখনো তাদের দেওয়া হয়নি এবং সেটি প্রকাশও করা হয়নি।

মামলাটি শুনানির জন্য ফিফার আপিল কমিটির একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে তিনি উয়েফা বা কনকাকাফভুক্ত কোনো সদস্য ফেডারেশনের প্রতিনিধি নন।

সোমবার সকালের মধ্যে উভয় পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে হবে। ম্যাচ শুরুর আগেই রায় আসতে পারে, তবে এমন নিশ্চয়তা ফিফা বেলজিয়ামকে দেয়নি।