পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২-এর অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, ধারালো দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-১২ সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকার ইসলাম মণ্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মণ্ডলের ছেলে শাকিল হোসেন (৩০) এবং নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগানের কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।