মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৫ জুলাই) রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র বাড়ির গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান সামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এদিন সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা দেখতে পান।
বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার গ্রামের বাড়িতে সংঘটিত এই চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সিনিয়র সিভিল জজ আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।