শিক্ষকদের মর্যাদা বাড়াতে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তনের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে সিভিল সার্ভিস কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই সিভিল সার্ভিস কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে সরকার কাজ করবে।

অনুষ্ঠানে তিনি নায়েমের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় নায়েমের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী।

এহসানুল হক মিলন বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে হবে। পুরোনো গতানুগতিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এ কারণে নায়েমের বিদ্যমান দুর্বলতাগুলো তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ আরও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।