হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। এসময় শিশুটিকে একটি কার্টনের মধ্যে শুইয়ে রাখা ছিল এবং পাশে বাঁশের কঞ্চিতে ঝুলছিল স্যালাইনের ব্যাগ। তখনও নবজাতকের শরীরে স্যালাইন চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, সোমবার (৬ জুলাই) ভোরে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকার জিএস সোয়েটার কারখানার ফটকের সামনে এ দৃশ্য দেখতে পায় এলাকাবাসী। এলাকার মিজান আলী ও রাসেল মিয়া নামের দুই ব্যক্তি প্রথমে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তাদের ডাকে অন্যান্য লোকজন জড়ো হন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হাসান তপু জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া জানান, নবজাতকে উদ্ধার করে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। স্যালাইনের ব্যাগে ‘শিরিন+বশির’ নাম লেখা ছিল। তবে কে বা কারা এবং কী পরিস্থিতিতে নবজাতকটিকে সেখানে রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
মাধপপুর থানার এসআই লালন ফকির বলেন, আমি সকাল ৮টা পর্যন্ত ডিউটিতে ছিলাম। খবর পেয়ে গাড়িসহ থানা থেকে লোক পাঠানো হয়েছে। স্থানীয় মেম্বারসহ লোকজনের সঙ্গে আলাপ করে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে আছে।