চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ায় কর্মচারীকে বেধড়ক পিটুনি

লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিক কবির হোসেন মারধরের কথা স্বীকার করেছেন। আহত কর্মচারী মো. সোহাগ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারে এ ঘটনা ঘটে। রাতে অভিযুক্ত কবির হোসেন বিষয়টি স্বীকার করেন।

আহত সোহাগ লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।

সোহাগের অভিযোগ, ব্যক্তিগত সমস্যার কারণে সেদিন কর্মস্থলে দেরিতে পৌঁছান। এ নিয়ে মালিক কবির হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে কবির হোসেন, তার ভাতিজা ও আরেক কর্মচারী মিলে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।

সোহাগ বলেন, তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

আহতের বাবা আব্দুল মালেক বলেন, তিনি কখনো ছেলেকে আঘাত করেননি, অথচ দোকান মালিক নির্মমভাবে তাকে মারধর করেছেন।

অভিযোগের বিষয়ে দোকান মালিক কবির হোসেন বলেন, সোহাগ নিয়মিত দেরিতে কাজে আসতেন। সোমবারও দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।