টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, পাঁচজনই শিশু

ভারতের মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির মধ্যে একটি পুরোনো ভবন ধসে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ভারি বৃষ্টিতে নগরীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যেই রোববার মানখুর্দ এলাকায় একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ে।

নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ ঘটনায় পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এদিকে টানা বৃষ্টির কারণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে ভূমিধসের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। মুম্বাই থেকে ছেড়ে যাওয়া ও সেখানে আসা কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি মুম্বাই-পুনে রুটের কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।