আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করা বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে সরকার। এসব সংকট মোকাবিলায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের উদ্যোক্তা মনোভাবকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের বিমা খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।