‘আর্জেন্টিনা হারলেও কষ্ট লাগবে না, মুসলিমদের জয় হোক’

বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের লড়াই ঘিরে উত্তেজনার মধ্যে আর্জেন্টিনা সমর্থক হলেও এবার ভিন্ন অবস্থান নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।

এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা এবং মহাতারকা লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু এ দিন রাতে দলটির ম্যাচ থাকলেও এতে প্রতিদ্বন্দ্বী দলের জয় প্রত্যাশ্যা করেছেন বর্ষা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ, মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।’

ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্ষা লেখেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই তার মতের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয় যুক্ত করাকে সমর্থন করেননি। তবে এসব সমালোচনার বিষয়ে অভিনেত্রী কোনো মন্তব্য করেননি।

এদিকে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ম্যাচটিতে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ১২ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।