হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট ৭৪২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩২ শিশুর শরীরে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির শরীরে হামের উপসর্গ ছিল। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে নতুন করে ২১৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৮১৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ শিশু, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮২ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৩ হাজার ৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।