মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের

চলতি বিশ্বকাপে ঘানার বিদায়ের পরও আলোচনায় রয়েছেন দেশটির আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। টুর্নামেন্ট চলাকালে একের পর এক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেওয়া এই তান্ত্রিক এবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ছড়িয়ে পড়া একটি দাবির ব্যাখ্যা দিয়েছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেখানে ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম দাবি করেছিলেন, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে তিনি জাদু করে আটকে রেখেছেন। ফলে সে ঘানার বিপক্ষে গোল করতে পারবে না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি কেইন। তাতেই রীতিমতো ভাইরাল হয়ে যান এই তান্ত্রিক।

এরপর নকআউট পর্ব শুরু হতেই আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুয়াকু বনসাম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বলা হয়, কেপ ভার্দের বিপক্ষে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে। একই সঙ্গে পর্তুগাল চ্যাম্পিয়ন হবে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবেন।

তবে বাস্তবে সেই পূর্বাভাসের কোনোটিই সত্য হয়নি। কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে পরবর্তী পর্বে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল। ভবিষ্যদ্বাণী কাজে না আসা এই তান্ত্রিক মেসিকে নিয়ে জানালেন এবার ভিন্ন খবর।

এ পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, মেসিকে নিয়ে তার নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া।

তিনি বলেন, ‘আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মাধ্যিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

নিজের আগের পোস্টের উদ্ধৃতি দিয়ে বনসাম আরও দাবি করেন, তিনি কখনোই আর্জেন্টিনার পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেননি। বরং তিনি নিজেকে মেসি ও আর্জেন্টিনার সমর্থক হিসেবে উল্লেখ করে বলেন,  ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে, এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’