দীর্ঘদিনের অপেক্ষার পর বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ২০০১ সালে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ গেজেট আকারে প্রকাশিত হলেও পরবর্তী সময়ে সেটি বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ কাগজেই সীমাবদ্ধ ছিল।
বর্তমান বাস্তবতায় শুধু বিজ্ঞান ও প্রযুক্তি নয়, বরং বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যেই আগের আইন সংশোধন করে নতুন বিলটি সংসদে আনা হয়েছে।
স্থায়ী কমিটির সুপারিশ শেষে বিলটি পাসের জন্য আবারও সংসদে উপস্থাপন করা হবে। বিলটি পাস হলে বগুড়ায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ আরও সুগম হবে।