ভারতে ভয়াবহ ভূমিধসে নিহত পাঁচ, বহু হতাহতের শঙ্কা 

ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময় আরও ১০ জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। বুধবার (৮ জুলাই) দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পুনেতে একটি পাহাড়ের অংশ ধসে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়েছে। এতে অন্তত ৩০ জন আটকা পড়েন। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। 

এর আগে, সোমবার সকাল থেকে পাহাড়ি ধসের কারণে মুম্বাই-পুনে মহাসড়ক বন্ধ আছে। ফলে রাজধানীর সঙ্গে পুণের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ট্রেন পরিষেবাও বিঘ্নিত হয়েছে। পরিস্থিতির অবনতিতে জরুরি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মুম্বাই মহানগর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে আরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।