সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে ১১ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন ১১ নারীকে আটক করা হয়।
গ্রেপ্তাররা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন—সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), বৃষ্টি (২৫), রোজিনা আক্তার সায়দা (৩০), বিউটি খাতুন (৩৫), শেফা আক্তার (২১), তামান্না (৩০), জুমা (২০) ও সুবিনা আক্তার লাকী (২০)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটির সদস্যরা বিভিন্ন এলাকা থেকে এসে অল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে বাস ও ট্রেনে উঠে যাত্রীদের টার্গেট করে কৌশলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।