হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, বহু হতাহতের আশঙ্কা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ইউনিক পরিবহনের বাসের চালক, তবে তার নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। লাকী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের চালকের মৃত্যু হয়। আর লাকী পরিবহনের চালকসহ দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা চালকের মরদেহটি উদ্ধার করেন। সড়ক থেকে লাকী পরিবহনের বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।