বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ালেও তার উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ফেসবুকে পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে এবার বগুড়ার শিবগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই যুবক আহত হয়েছেন।
শিবগঞ্জ থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের জয় কুমার (১৯) ও তার চাচাতো ভাই বিশাল কুমার (১৮) আর্জেন্টিনা দলের সমর্থক। অন্যদিকে একই গ্রামের শ্রী তন্ময় (২২) ও শ্রী স্বপন মোহন্ত (১৮) ব্রাজিল দলের সমর্থন করেন।
বিশ্বকাপ ফুটবল নিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই রাত প্রায় ৮টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে জয় কুমার ও বিশাল কুমার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জয় কুমারের বাবা রমেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, ফুটবল নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ছেলে ও ভাতিজার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।