চট্টগ্রামে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে নগরের চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পৃথক ঘটনায় এক নারী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। একই ঘটনায় তার মা লামিয়া আক্তার আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। নিহত তানভীর ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা চার দিনের বৃষ্টিতে এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হলেও অনেকেই নিরাপদ স্থানে সরে যাননি।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত লামিয়া আক্তারের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় দুপুরে আরেকটি পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়। পাহাড়ধসে চাপা পড়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুপুরে পাহাড়ধসের খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।