টানা ভারী বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পানি না নামা পর্যন্ত এ রুটে কোনো ট্রেন চলবে না বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর-জান আলীহাট রেল সেকশনের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
রেল প্রতিমন্ত্রী বলেন, পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রীরা চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবেন। এরপর কক্সবাজার অংশের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। এছাড়া যারা আগাম টিকিট কেটেছেন, তারাও প্রচলিত নিয়ম অনুযায়ী অর্থ ফেরত পাবেন।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী চার জোড়া ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এগুলো হলো সৈকত এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস।
টানা বর্ষণে নগরের মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ষোলশহর-জান আলীহাট সেকশনে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই ট্রেন চলাচল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর প্রভাব পড়েছে ঢাকা-কক্সবাজার রুটেও। বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছে আর কক্সবাজারের উদ্দেশে যেতে পারেনি। ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করে। তবে কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আপাতত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।